📰 সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
Upazila Times | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
📅 প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
🕓 আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তহমিনা বেগম (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তহমিনা বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ ডাউন লোকাল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনের অদূরে মধ্য সাহাবাজ এলাকায় পৌঁছালে তহমিনা বেগম রেললাইন অতিক্রমের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ এসআই সাহেব গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম এর উপস্থিতিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
